নানিয়ারচরে ট্রাইবাল হেলথ সেবাদানকারীদের মোবাইল টিম পরিচালনায় প্রশিক্ষণ


মাহাদি বিন সুলতান    |    ১১:৫৭ পিএম, ২০২১-০৬-২২

নানিয়ারচরে ট্রাইবাল হেলথ সেবাদানকারীদের মোবাইল টিম পরিচালনায় প্রশিক্ষণ

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ট্রাইবাল হেলথ ও মোবাইল টিম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. নূয়েন খীসার সভাপতিত্বে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ড. আলতাফ হোসেন, মেডিকেল অফিসার (আরএমও) ড. দোলন দাশ ও হেলথ ইন্সট্রাক্টর কিরণ ধর চাকমা প্রমূখ।

এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু ও নারী-পুরুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং কার্যক্রম, ট্রাইবাল হেলথ কার্যক্রমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে স্থানীয় পুষ্টিকর খাবারের তালিকা, মোবাইল টিম গঠন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়নে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, ট্রাইবাল হেলথ কার্যক্রমে স্টেকহোল্ডার, দূর্যোগ পরবর্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানসীক আঘাতসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)।

বক্তব্যে ড. নূয়েন খীসা বলেন, পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন সমতল ও উপকূলীয় অঞ্চলে জাতিগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদেরকে মূলধারার সরকারী স্বাস্থ্যসেবা প্রদান করাই ইউএইচসি এর লক্ষ্য উদ্দেশ্য। ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সঠিকভাবে স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং, মাতৃস্বাস্থ্য ও নবজাতকের সেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ সনাক্তকরণ কল্পে কাজ করে যাওয়ার আহ্বান জনান।