বিলাইছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১০:৪০ পিএম, ২০২৬-১০-২৮

বিলাইছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। Ecosystem Restoration and Resilient Development in the Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্প এবং ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়ন’ কম্পোনেন্টের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিলাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরালা কান্তি চাকমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা। প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর প্রজ্ঞা মিত্র চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার ছন্দন ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মেয়ে শিশুদের অধিকার সুরক্ষা, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মেয়ে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের অধিকার নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করা জরুরি। এ সময় বাল্যবিবাহের কুফল, এর ফলে সৃষ্ট সামাজিক ও ব্যক্তিগত সমস্যা এবং এ-সংক্রান্ত আইনগত বিষয় নিয়েও আলোচনা করা হয়।

আলোচনা সভার আগে বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকারের অংশ হিসেবে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ব্যানারে হাতের ছাপ নেওয়া হয়। এর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়ে শিশুদের অধিকার রক্ষায় সচেতনতার বার্তা তুলে ধরা হয়।