রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে ৭ ছানি অপারেশন


মেহেদী হাসান    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-১০-২৯

রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে ৭ ছানি অপারেশন

রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্টিসমস্যায় ভোগা সাত রোগীর চোখে নতুন দৃষ্টির আশার আলো দেখিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে হাসপাতালটিতে মোট ৮০টি ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হলো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাসপাতালে এসব অস্ত্রোপচার করা হয়। সীমিত জনবল ও সরকারি বরাদ্দের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একদিনে সাতটি সফল অস্ত্রোপচার রোগী ও তাঁদের পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সময়োপযোগী সহযোগিতা ও রিএজেন্ট কেনার জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি চক্ষু চিকিৎসাসেবা সচল রাখা ও সার্বিক ব্যবস্থাপনায় সিভিল সার্জন-কাম-তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার উদ্যোগ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া ছানি অপারেশন কার্যক্রমে বিশেষ অবদান রাখছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমা ও তাঁর মেডিকেল টিম। তাঁদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালটিতে চক্ষু চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এ কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা এবং সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।