বাঘাইছড়িতে দোসর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৫:৪১ পিএম, ২০২১-১১-০৭

বাঘাইছড়িতে দোসর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম দোসর এলাকা পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। গেলো শুক্রবার সাকাল ৮টায় বিজিবি পাহারায় বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা ব্রীজের নিচ থেকে টলার যোগে হাতিমারা ছড়া এলাকা পর্যন্ত গিয়ে নদীর পানি শুকিয়ে যাওয়ায় দুই ঘন্টা পায়ে হেটে পৌঁছান দোসর এলাকায়।

সেখান দোসর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনিই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কিনা দেশ স্বাধীন হওয়ার পর এবারই দোসর এলাকায় পা রেখেছেন।

মতবিনিময় সভায় স্থানীয় গ্রামবাসী স্কুল ও ক্লাবের জন্য কিছু ক্রীড়া সামগ্রী এবং বেঞ্চ দেয়ার দাবী জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সেগুলো দেয়ার প্রতিশ্রুতি দেন।

তারই ধারাবাহিকতায় রবিবার (৭ নভেম্বর) সকালে নিজ কক্ষে স্কুল শিক্ষক শান্তি বিজয় চাকমার হাতে দোসর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দোসর স্পোর্টিং ক্লাব, বিজিবি’র দোসর সিআইও ক্যাম্পের জন্য ভলিবল, ফুট বল, নেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

দোসরে ইউএনও’র সফর সঙ্গী হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, বাঘাইছড়ি সদর ইউপি চেয়ারম্যান সুনিল বিহারি চাকমা, মারিশ্যা ইউপি চেয়ারম্যান মানব জ্যোতি চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বিজয় চাকমা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমি খুবই আনন্দিত যে আমি এই এলাকায় প্রথম, ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে আসতে সহায়তা করেছেন। তিনি বলেন, একবার যেহেতু এসেছি আপনাদের সাথে যোগাযোগ হবে, আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। ইউএনও শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন।