বাঘাইছড়িতে গুলি করে জেএসএস নেতা হত্যা, দুই দিনেও মামলা হয়নি


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৪০ পিএম, ২০২১-০৯-১৮

বাঘাইছড়িতে গুলি করে জেএসএস নেতা হত্যা, দুই দিনেও মামলা হয়নি

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সন্তু লারমা দলের নেতা সুরেশ কান্তি ওরফে দিনেশ চাকমা নিহতের ৪৮ ঘন্টা পার হলেও এখনো মামলা হয়নি এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৫টায় উপজেলা সদর থেকে দশ কিলোমিটার দুরে বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায় প্রতিবেশী সুপ্প্যা চাকমার বাড়িতে গুলি করে হত্যা করা হয় জেএসএস সন্তু লারমা দলের উপজেলা আইন ও বিচার বিভাগের নেতা সুরেশ কান্তি ওরফে দিনেশ চাকমা কে।

পরে দশ ঘন্টা পর ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে পাহাড়ের নিচ থেকে সুরেশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছেন জেএসএস সন্তু লারমা দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে জেএসএস এমএন লারমা দলের উপজেলা সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা বলেন, এই ঘটনায় জেএসএস এমএন লারমা দল দায়ী নয়। এটি তাদের অভ্যন্তরিন কোন্দলে হয়েছে। সামনে ইউপি নির্বাচন তাই তারা পাহাড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে।

এদিকে, ঘটনার ৪৮ ঘন্টা পার হলেও সুরেশ কান্তি চাকমার পরিবারের কেউ এখনো মামলা দায়ের করেনি।

সুরেশ কান্তি চাকমার ছোট মেয়ে মন্টা চাকমা বলেন, মামলা করে কি হবে, ধর্মীয় রীতি অনুযায়ী এটি তার বাবার কর্মফল, তাই তারা কোন মামলা করবে না।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, ময়নাতদন্ত শেষে দুপরে সুরেশ কান্তি চাকমার বড় ছেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হবে।