২০ কি.মি. নৌপথে কচুরিপানাঃকাপ্তাই হতে বিলাইছড়ি পর্যন্ত নৌ চলাচলে ধীরগতি!


ঝুলন দত্ত    |    ১০:৫০ এএম, ২০২১-০৯-০৬

২০ কি.মি. নৌপথে কচুরিপানাঃকাপ্তাই হতে বিলাইছড়ি পর্যন্ত নৌ চলাচলে ধীরগতি!

রাঙামাটির কাপ্তাই লেকের বিলাইছড়ি হতে কাপ্তাই পর্যন্ত প্রায় ২০ কিমি নৌ পথে অস্বাভাবিক ভাবে বেড়েছে কচুরিপানা। ফলে এই নৌ পথে চলাচলকারী ছোট বড় বোট গুলোর স্বাভাবিক গতিপথ বিঘ্ন হচ্ছে বলেন জানান এই নৌ পথে চলাচলকারী চালক এবং যাত্রী সাধারণগণ। কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা জেটিঘাট হতে রাঙামাটি সদর, বিলাইছড়ি, ফারুয়া, হরিনছড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন যাত্রীবাহি অসংখ্য ছোট বড় ইঞ্জিন চালিত বোট এই নৌপথে চলাচল করে।

এছাড়া সাপ্তাহিক হাট বাজারে পণ্যবাহী বোটও চলাচল করে এই নৌ পথে। বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ঝর্না গুলো দেখার জন্য এই মৌসুমে অসংখ্য পর্যটক চলাচল করে এই পথে। স্বাভাবিকভাবে কাপ্তাই জেটিঘাট হতে বিলাইছড়ি পর্যন্ত নৌপথে ইঞ্জিন চালিত বোট দিয়ে যেতে যেখানে গড়ে ১ঘন্টা ২০ মিনিট হতে দেড় ঘন্টা লাগে। বর্তমানে এই কচুরিপানার জন্য ২ ঘন্টা সময় লাগছে বলে জানান বোট চালক মনোরঞ্জন চাকমা।

গত রবিবার বিকেলে কাপ্তাই জেটিঘাট পল্টনে কথা হয় বোট চালক আবুল কাসেম, টিপু মিস্ত্রির সাথে। তাঁরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পানি বাড়ার সাথে সাথে এই কচুরিপানা কাপ্তাই লেকে চলে আসে। শীতকাল পর্যন্ত এই কচুরিপানা থাকবে। যার ফলে স্বাভাবিক গতিতে আমরা বোট চালাতে পারি না।

কাপ্তাই জেটিঘাট বোট চালক সমিতির লাইনম্যান শীতল সরকার জানান, এখন কাপ্তাই লেকের বিলাইছড়ি, কেংড়াছড়ি, কাপ্তাই জেটিঘাট এলাকায় এতো বেশী কচুরিপানা ভাসছে, ফলে বোটের পাংখাতে কচুরিপানা আটকে বোটের গতিকে থামিয়ে দিচ্ছে। এই নৌ পথে চলাচলকারী যাত্রী মোঃ শহীদুল ইসলাম, সত্যপ্রিয় তঙ্গগ্যা, বিপ্লব বড়ুয়া জানান, বছরের এই সময়টা কাপ্তাই লেকে পানি বৃদ্ধি সাথে সাথে কচুরিপানাও ভেসে আসে।

ফলে নৌপথ বোট দিয়ে যেতে আমাদের বাড়তি সময় লাগে। বোট চালক, যাত্রী সাধারণ, বোট মালিক সমিতি সকলে অভ্যন্তরিন নৌ কর্তৃপক্ষের নিকট এই কচুরিপানা পরিস্কার করার দাবি জানান।