নানিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!


মাহাদি বিন সুলতান    |    ০২:৫০ পিএম, ২০২১-০৮-১৯

নানিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

ঢাকা থেকে বেড়াতে এসে গোসল করতে নেমে কাপ্তাই লেকের পানিতে ডুবে নানিয়ারচরে এক শিশুর মৃত্যু হয়েছে। 

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট ফরেষ্ট অফিস সংলগ্ন নিচ বাজার এলাকায় কাপ্তাই লেকে গোসল করতে নেমে মোছাম্মাৎ  সুর্মি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবু সর্দার জানান, এলাকার মোঃ সেলিম এর জেষ্ঠোশ (স্ত্রীর বড় বোন) মোছাম্মাৎ সুমি ও ভাগনি সুর্মি ঢাকা থেকে বেড়াতে আসে। শিশুটি সাতার না জানা সত্বেও সকালে খালাতো বোনদের সাথে কাপ্তাই লেকে গোসল করতে নেমে পানিতে ডুব দেয়। তার বোনেরা তাকে খুঁজে না পেলে ডাকাডাকি শুরু করে। পরে স্থানীয়রা ছুটে গিয়ে অনেক খোঁজাখুঁজির করে লেকের গভীরে শিশুটিকে পাওয়া যায়। 

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে শিশুটি অল্প পানিতে গোসল করতে নেমে সাতার না জানার কারণে গভীর পানিতে নেমে যায়। 

এই ঘটনায় বুড়িঘাট এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।