লকডাউন বাস্তবায়নে নানিয়ারচরে চিরুনি অভিযান!


মাহাদি বিন সুলতান    |    ০৫:১৪ পিএম, ২০২১-০৭-০৪

লকডাউন বাস্তবায়নে নানিয়ারচরে চিরুনি অভিযান!

করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের শতভাগ নিশ্চিতে কড়া নজরদারী ও চিরুনি অভিযান অব্যাহত রেখেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। 

রবিবার সকালে উপজেলার সাবেক্ষং, বড়পুল পাড়া, টিএন্ডটি বাজার, নানিয়ারচর বাজার, ইসলামপুর মধ্যপাড়া ও ইসলামপুর বউ বাজার এলাকায় জনসচেতনতা ও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। 

এসময় করোনার সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ১৮৬০ এর ২৬৯ধারানুযায়ী ৪জন পথচারীকে ও ১ব্যবসায়ীকে ১০০টাকা হারে মোট ৫০০টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে করোনা পরিস্থিতিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে পাঠে নেমেছে পুলিশ। 

৪ঠা জুলাই দুপুরে নানিয়ারচর থানা পরিদর্শনে, মাস্ক পরিধান নিশ্চিত করতে ও জনসাধারণকে স্বাস্থ্য সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ। 

থানা পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলেন। এসময় নিজে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলায় কাজ করারও নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার।

থানা পরিদর্শন শেষে বগাছড়ি ক্যাম্প পরিদর্শন ও স্থানীয় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে এবং চলমান কঠোর লকডাউন শতভাগ বাস্তবায়নে সতর্কতামূলক প্রচারাভিযান পরিচালনা করেন, তাপস রঞ্জন ঘোষ। 

এবিষয়ে জানতে চাইলে তাপস রঞ্জন বলেন, নানিয়ারচর থানায় আজকে আমি অর্ধবার্ষিক পরিদর্শন উপলক্ষ্যে এসেছি। পাশাপাশি চলমান লকডাউন পরিস্থিতিতে আমাদের পুলিশের অন্যান্য বিভাগের কার্যক্রম দেখার জন্য এসেছি। বিভিন্ন চেকপোষ্ট, টহল টিম ও মোবাইল টিম কিভাবে লোকজনকে উদ্বুদ্ধ করছে সেটা দেখেছি। লকডাউন প্রতিপালনে সরকারী নির্দেশনা অনুযায়ী আজ আমি নানিয়ারচর পরিদর্শনে এসেছি। 

তিনি আরো জানান, নানিয়ারচর এসে আমি পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। পাশাপাশি আমি পুলিশ চেকপোষ্ট পরিদর্শন করেছি। পাশাপাশি আমি নিশ্চিত হয়েছি, অন্যান্য বিভাগ যেমন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার সদস্যগণসহ যারা লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা যথেষ্ট আন্তরিক ও দায়ীত্বশীল আচরণ করে যাচ্ছেন।  

এবিষয়ে বলা যায়, নানিয়ারচরে শতভাগ লকডাউন বাস্তবায়ন হচ্ছে।

এছাড়াও আমার দৃষ্টিতে যা এসেছে স্থানীয় জনগণ লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট আন্তরিক। আমরা আশাকরি, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লকডাউন বাস্তবায়ন হবে এবং আমরা অচিরেই করোনা মহামারির হাত থেকে রক্ষা পাবো। 

বগাছড়ি ক্যাম্প পরিদর্শনকালে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, বগাছড়ি ক্যাম্প আইসি মোঃ মোকলেছুর রহমান ও থানার এসআই মোঃ তারেক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।