লকডাউন মানতে কাউখালীতে কঠোর প্রশাসন!


এম এইচ ইকবাল    |    ০৮:৪৬ পিএম, ২০২১-০৭-০১

লকডাউন মানতে কাউখালীতে কঠোর প্রশাসন!

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাউখালী উপজেলাতে কড়া অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া ২১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। এছাড়া সকাল থেকেই  সড়কে যান চলাচল ছিলো কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।

সড়ক ঘুরে দেখা গেছে, সড়কগুলো আগের তুলনায় অনেকটাই ফাঁকা। মাঝেমধ্যে দু'একটি পণ্যবাহী পিকআপ ভ্যান ও রিক্সা দেখা গেলেও অন্য কোন পরিবহন চোখে পড়েনি। সাপ্তাহিক বাজারের দিন হওয়াতে বেকায়দায় পড়েছে সাধারন মানুষ। 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, যেহেতু দীর্ঘদিন ধরে করোনাকাল অতিবাহিত হচ্ছে তাই জনসাধারণ আগের তুলনায় অনেক বেশি সচেতন। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন তৎপর আছে আমরা নিয়মিত  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মানুষকে ঘরে রাখতে সব ধরনের  পদক্ষেপ নিয়েছি আমরা। বার বার বলছি আপনাদের জন্য আমরা বাহিরে আছি আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন। যে কোন প্রয়োজনে আমাদের কল করুন। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম  এর কাছে কঠোর লকডাউন বাস্তবায়ন কতটুকু কার্যকর হচ্ছে জানতে চাইলে তিনি বলেন,করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমাদের ওপর যে  দায়িত্ব  দেওয়া হয়েছে আমরা শতভাগ সফলতার সঙ্গে পালন করছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোনো শিথিলতা দেখানোর সুযোগ নেই আমাদের। আমরা সকাল থেকে উপজেলার ঘাগড়া বাজার, বেতবুনিয়া, নাইল্যাছড়ি সহ সব গুরুত্বপূর্ণ বাজারে গিয়েছি, এবং আমাদের টহল পুলিশ সাথে সেনাবাহিনী ও কাজ করছে। সরকারি বিধিনিষেধ নিশ্চিত করা এবং সামাজিক দূরত্ব বাজার রাখতে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে ।