নানিয়ারচরে করোনা ও পাহাড় ধ্বস রোধে প্রশাসনের জরুরী সভা


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৪ পিএম, ২০২১-০৬-৩০

নানিয়ারচরে করোনা ও পাহাড় ধ্বস রোধে প্রশাসনের জরুরী সভা

করোনা ভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে সরকারী বিধি নিষেধ আরোপের প্রেক্ষিতে এবং টানা বর্ষণের ফলে পাহাড় ধ্বস রোধে জরুরী সভার আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী'র সভাপতিত্বে সচেতনতামূলক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোনের (১০ বীর) উপ-অধিনায়ক মেজর এসএম রুবাইয়াত হুসাইন পিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা ও থানার ওসি মোঃ সাব্বির রহমান প্রমূখ।

এবিষয়ে ইউএনও শিউলি রহমান জানান, আলোচনা সভায় করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মাইকিং, বিনামূল্যে মাস্ক বিতরণ ও আইনগতভাবে কঠোর সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও পাহাড়ের পাদদেশে বসবাস করা পরিবারসমূহকে আশ্রয়ন কেন্দ্রে সরিয়ে এনে নিরাপত্তা প্রদান, শুষ্ক খাবার ও নিরাপদ পানীর ব্যবস্থা করতে সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহকে ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।