কাপ্তাইতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপকেন্দ্র ঘেরাও


ঝুলন দত্ত    |    ০৯:৫৫ পিএম, ২০২১-০৬-৩০

কাপ্তাইতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপকেন্দ্র ঘেরাও

কাপ্তাইয়ে ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ বিদ্যুতের দাবিতে কাপ্তাই বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) ঘেরাও কর্মসূচী পালন করেছে বুধবার (৩০ জুন) বিকেলে। কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী ও ভুক্তভোগী সর্বস্তরের উত্তেজিত জনগণ বিদ্যুৎ ভোগান্তির কারনে বিক্ষোভ মিছিল করে।

এ সময় তারা আবাসিক প্রকৌশলী বিরুদ্ধেও মিছিল করে। আলোর নীচে অন্ধকার, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে সারাদেশ তথা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। আর সেখানেই বিদ্যুৎ থাকেনা। বিভিন্ন অজুহাতে কাপ্তাই উপজেলায় প্রতিদিন ১৫-২০ বার রাত দিন বিদ্যুতের লুকোচুরি খেলা চলে।

বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ফলে সরকারি-আধাসরকারী অফিস, কল-কারখানা, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়ে পড়ার অভিযোগ উঠেছে। কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী মহল এ নিয়ে আবাসিক প্রকৌশলী, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে একাধিকার বৈঠক করলেও কোন সমাধান হয়নি বলে ব্যবসায়ীরা অভিযোগ করে। 

এদিকে, কাপ্তাই নতুন বাজারের মোকাররম জানান, বিদ্যুৎ আসা- যাওয়ার ফলে তার ও আশপাশের এলাকার লোকজনের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন জিনিস বিকল হয়ে গেছে। কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, কাপ্তাই উপজেলার মধ্যে সব চেয়ে বড় বাজার নতুন বাজার। এ বাজার হতে প্রতিমাসে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল বাবদ রাজস্ব দিচ্ছেন তারা। কিন্তু প্রতিদিন সকাল- বিকাল ও রাতে ১৫-২০ বার বিদ্যুৎ চলে যায়। এতে করে তাদের ব্যবসায়ীদের ব্যবসা করতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। এ নিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের লোকদের জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। বরং বিদ্যুৎ ভোগান্তি আরো বেড়ে গেছে।

কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক বলেন, তারা প্রতিনিয়ত বিদ্যুৎ ভোগান্তিতে আছেন। এতে করে কাপ্তাইয়ে সর্বস্তরের লোকজনের বিদ্যুৎ বিভাগের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতি দিনের ন্যায় আজ বুধবার নতুন বাজার এলাকায় বিদ্যুৎ না থাকায় উত্তেজিত ব্যবসায়ী ও সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল করে বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও করে। 

ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, বিদ্যুৎ বিকল ও ভোগান্তির বিষয়ে রাঙামাটি বিদ্যুৎ অফিস ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা আগামী দু'দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে কাপ্তাই আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মজিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটু পরে কথা বলবেন বলে ফোনকল কেটে দেন।