কাপ্তাইয়ে নার্স-পুলিশসহ ৬ জন করোনায় আক্রান্ত


ঝুলন দত্ত    |    ০৩:০৮ পিএম, ২০২১-০৬-৩০

কাপ্তাইয়ে নার্স-পুলিশসহ ৬ জন করোনায় আক্রান্ত

কাপ্তাইয়ে একদিনে আরো ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে রাঙামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে করোনাভাইরাসে ৬ জন আক্রান্ত হয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন সিনিয়র নার্স এবং ১ জন পুলিশ সদস্য  রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। 

এদিকে, কাপ্তাইয়ে করোনা সংক্রমণ রোধে জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে মঙ্গলবার কাপ্তাই উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট এবং প্রচার প্রচারণা চালায়। এছাড়া কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ও চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরাও বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালায়।

উল্লেখ্য, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত বছরের ২২ মে' কাপ্তাইয়ে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত কাপ্তাইয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২শ' ১০ জন, সুস্থ হয়েছে ১শ' ৮৯ জন এবং করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের।