ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে রাঙামাটিতে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন


মাসুদ পারভেজ নির্জন    |    ০৮:৩২ পিএম, ২০২১-০৫-২০

ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে রাঙামাটিতে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইসরায়েল কতৃক ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার আয়োজনে বাদে আছর রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না।

বক্তারা আরো বলেন,ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।স্বাধীন ফিলিস্তিনের ওপর রাসায়নিক গ্যাস নিক্ষেপসহ ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং শক্তিধর দেশগুলো এখনই ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য মাওলানা এম এ মোস্তফা হেজাজী,ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল কাদেরী,বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহ সভাপতি মাওলানা আখতার হোসেন চৌধুরী,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল বারী,সাধারন সম্পাদক তানজিলুর রহমান,রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম নঈম উদ্দিন আল কাদেরী সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।