প্রকাশিত সংবাদ নিয়ে ফেসবুকে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদ-নিন্দা


প্রেস বিজ্ঞপ্তি    |    ১১:১৪ পিএম, ২০২১-০৪-২৮

প্রকাশিত সংবাদ নিয়ে ফেসবুকে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদ-নিন্দা

পার্বত্য চট্টগ্রামের পাঠকপ্রিয় অনলাইন দৈনিক সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এ ‘চাঁদাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত বাঘাইছড়ি: পাহাড়ি-বাঙালি দাঙ্গার আশংকা’ শীর্ষক প্রচারিত একটি সংবাদ নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাঙামাটি  প্রেসক্লাবের সভাপতি প্রথমসারির জাতীয় দৈনিক যুগান্তর এর রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা’র নাম জড়িয়ে মিথ্যাচার করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় সুশীল প্রসাদ চাকমা জানান, উক্ত সংবাদে ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। অথচ আমি ওই সংবাদে কোনোভাবেই যুক্ত নই। সংবাদটির বিষয়বস্তু নিয়ে কিছুই জানা ছিল না। 

২৬ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ ‘Jiko Chakma’  এবং 'Md Omar Faruk’ নামের ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে অহেতুক, ভিত্তিহীন, মিথ্যা ও সম্পূর্ণ কাল্পনিক উদ্ধৃতি উল্লেখ করে স্ট্যাটাস দিয়ে আমার সম্পর্কে নানা অপপ্রচার করা হয়েছে।

এতে বিভিন্ন আইডি থেকে অসৎ উদ্দেশ্যে ফলাওভাবে যার যা খুশি ইচ্ছেমতো অশালীন ও কুরুচিপূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক মন্তব্য করে আমাকে চরম হেয়-প্রতিপন্ন এবং আমার চরম মান-সম্মানহানি, সুনাম ও ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এ ছাড়া প্রকাশ্য নানা হুমকিও প্রদান করা হয়েছে।

অনুমতি ছাড়া আমার একাধিক ছবি যুক্ত করে অশালীন মন্তব্য করা হয়েছে। এসব কর্মকান্ড সম্পূর্ণ আইনত মারাত্মক দন্ডনীয় অপরাধ। সব আইডি থেকে করা সমস্ত কমেন্টের যাবতীয় স্ক্রিনশট সংরক্ষিত আছে। বর্তমানে আমি খুবই হতাশ, নিরাপত্তাহীন ও অসহায়ত্ব বোধ করছি।

আমি এ ধরনের হীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছি। এ ধরনের নোংরামির বিষয়ে সতর্কমূলক দৃষ্টিসহ সুষ্ঠু বাছ-বিচারের জন্য সুধী মহলের সদয় সুদৃষ্টি কামনা করছি।

সিএইচটি টাইমস টোয়েন্টিফোর কর্তৃক প্রচারিত ওই সংবাদ নিয়ে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আমি এটি’র সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। আমি কাজ করি দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায়।

আমার কর্তব্য সেখানে সংবাদ পরিবেশন করা। তাই সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম বা অন্য কোনো সংবাদ মাধ্যমে আমার যুক্ত থাকা কিংবা সংবাদ পরিবেশন করার বিষয় প্রশ্নই আসে না। 

এদিকে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের বক্তব্য:  প্রকাশিত রিপোর্টটি নিজস্ব প্রতিবেদক এর নাম দিয়ে প্রকাশ করা হয়েছে।এতে করে কারো নাম উক্ত প্রকাশিত নিউজে উল্লেখ করা হয়নি।

বিষয়টি নিয়ে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কে বা কাহারা এই ধরনের কর্মকান্ড করছে বা অনুমতি নানিয়ে কেউ বা কাহারা যদি সিনিয়র গণমাধ্যমকর্মী তথা প্রেসক্লাবের সভাপতির মতো একজন ব্যক্তিত্বের নাম ব্যবহার করে সেসকল অপরাধীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করলে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।