কাউখালীতে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা 


এম এইচ ইকবাল    |    ০৯:৪৬ পিএম, ২০২১-০৪-১৮

কাউখালীতে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা 

রাঙামাটির কাউখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে নতুন আরও ৮ জন। যা গত তিন মাসের মোট আক্রান্তের তিনগুণ। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাপ্ত তথ্য বলছে, ২০২১ সালের জানুয়ারী মাসে ৩১ টি নমুনা পরিক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ১ জনের। ফেব্রুয়ারীতে ১ নমুনা পরিক্ষায় পজেটিভ শূণ্য, মার্চে ৪ টি নমুনা পরিক্ষায় পজেটিভ ২ জন। তথ্য মতে জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ এ তিন মাসে কাউখালীতে করোনা পজেটিভ এসেছে ৩ জনের। কিন্তু নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস।

শুধু এ মাসে ২৫ টি নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ এসেছে ৯ জনের। ৫ এপ্রিল বেতবুনিয়া ইউনিয়নের সাপনালা পাড়া এলাকার এক ব্যক্তি আক্রান্ত হয়। তারপর ১০ এপ্রিল ঘাগড়া ইউনিয়নের কাশখালী (হাসপাতালের কর্মচারী) ও কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি’র ২ জন।

১১ এপ্রিল উপজেলা সদরের এক ব্যাংক কর্মকর্তা, ১৩ এপ্রিল তার পরিবারের ৩ জন এবং সর্বশেষ ১৭ এপ্রিল কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম এলাকার স্বামী/স্ত্রী করোনায় আক্রান্ত হন।

তথ্য বলছে এপ্রিল মাসে নমুনা পরিক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬%। যেখানে গত তিন মাসে আক্রান্তের হার ছিলো মাত্র ৮%।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমেপ্রু রোয়াজা জানান- মানুষ এখনো স্বাস্থ্য বিধি মেনে চলছেনা। সচেতন না হলে এর মাসুল আমাদেরই দিতে হবে। শহরের তুলনায় গ্রামে গঞ্জে আক্রান্তের সংখ্যা কম বিদায় মানুষ এখনো এটাকে পাত্তা দিচ্ছেনা। সচেতন হওয়ার, স্বাস্থ্য বিধি মানার বিকল্প কিছু নেই।

সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি সকল নির্দেশনা মেনে চলার এবং করোনার লক্ষণ দেখা দিলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেওয়ার অনুরোধ জানান। তিনি আরও জানান এপর্যন্ত ৩২৬ টি নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ এসেছে ৫৮ জনের। এরই মধ্যে সুস্থ হয়েছে ৪৮ জন। বাকি আক্রান্ত ১০ জনও সুস্থ আছেন।