নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলো আ'লীগ


শহিদুল ইসলাম হৃদয়    |    ১১:১১ পিএম, ২০২১-০৩-১৭

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলো আ'লীগ

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখা, পৌর শাখা, সদর উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে রাঙামাটি পার্কের সামনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার সূচনা করেন, পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে আলোচনাসভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, অংশুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক চাকমা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা সাধারণ সম্পাদক শাহ এমরান রোকন প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এদিকে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।