রাঙামাটিতে মাস্ক ও হেলমেটের বিরুদ্ধে পুলিশের এ্যাকশনঃ ১২ মামলা


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৫:২৩ পিএম, ২০২০-১১-১৪

 রাঙামাটিতে মাস্ক ও হেলমেটের বিরুদ্ধে পুলিশের এ্যাকশনঃ ১২ মামলা

দেশে করোনা ভাইরাসের তান্ডব চলাকালীন সময়ে রাঙামাটির আপাময় জনগনের  মাঝে করোনার আতঙ্ক এবং সচেতনতা প্রথমে লক্ষ্য করা গেলেও বর্তমানে করোনার সতর্কতামূলক নির্দেশনার কোনোটায় দৃষ্টিগোচর হচ্ছে না বলা চলে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক ব্যবহার সহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানী কমাতে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের রিজার্ভ বাজারধীন নতুন বাস স্টেশন, দোয়েল চত্বর ও বনরুপাতে জনসাধারণের মাস্ক পড়া ও মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি কোতয়ালী থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম, রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল, কোতয়ালী থানার এসআই ওসমান গণি, ট্রাফিক সার্জেন্ট পরবিল কুমার নাথ।

এসময়, রিজার্ভ বাজারের নতুন বাস স্টেশন এলাকায় ৯ জন, দোয়েল চত্বরে ১ জন ও বনরুপাতে ২ জন সহ মোট ১২ জন হেলমেট বিহীন মোটর সাইকেল চালককে ৯২ এর ১ উপধারায় মামলা দেয়া হয় বলে জানিয়েছেন রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল।

অন্যদিকে এসআই ওসমান জানিয়েছেন, স্বাভাবিক সময়ের মতই সকল প্রকারের যান চলাচল থাকলেও অনেকের মুখে মাস্ক না থাকায় কিংবা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা গুলো মানুষের মাঝে দেখতে না পাড়ার কারণে যারা মাস্ক বিহীন ঘোরাঘুরি করছে বা গনপরিবহনে যাতায়াত করছে তাদেরকে মাস্ক পড়ে চলাফেরা করতে আমরা আগ্রহী করার পাশাপাশি যে সব পথচারী মাস্ক পকেটে রেখে অবাধে চলাচল করছে তাদেরকেও মুখে মাস্ক লাগিয়ে রাখার পরামর্শ দিচ্ছি এবং এখানকার সিএনজি, বাস, ট্রাক, মোটর সাইকেল ইত্যাদি চালক ও যাত্রীদেরকেও এবিষয়ে অবগত করছি।