রাঙামাটি সদর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৮ এএম, ২০২০-১১-১১

রাঙামাটি সদর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

শীত আসলেই প্রতিবছর রাঙামাটিতে পর্যটকদের আগমন বেড়ে যায়। তাই এখানে আসা পর্যটকদের জন্য নিরাপত্তা এবং সকল ধরনের সুবিধা বাড়াতে হবে। যাতে করে বেড়াতে আসা পর্যটকরা কোন সমস্যার সম্মুখীন না হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা উপমার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল) নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা ফয়জুর রাজ্জাকসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভায় অংশগ্রহন করেন।

সভায় বক্তারা বলেন, রাঙামাটি শহরে বর্তমানে মাদকের ছড়াছড়ি। শহরকে মাদকমুক্ত করতে হলে যুব সমাজের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে জোড়ালো ভূমিকা পালনসহ অভিযান পরিচালনা করতে হবে। যাতে করে যুব সমাজ সেখান থেকে বেড়িয়ে আসে।

বক্তারা আরও বলেন, উপজেলার উন্নয়ন করতে হলে প্রত্যেক সরকারি সংস্থাগুলোতে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন তরান্বিত করতে হবে। তাহলে এখানে বসবাসরত মানুষ উপকৃত হবে এবং অনেক অসমাপ্ত কাজ সহজে শেষ করা যাবে।