রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত-১০


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৯ পিএম, ২০২২-১০-২৪

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত-১০

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড়িকা বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সড়কের রাণীরহাট বাজার সংলগ্ন রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী সুগারমিল ব্রীজের উপর এই ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ অন্তত ১০ জন বাস যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় আশেপাশের হাসপাতালে নেয়া হয়েছে। 

জানা যায়, পাহাড়িকা পরিবহনের বাসটি রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। যাওয়ার পথে রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজারের কাছে সুগার মিল এলাকায় এলে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভার‌টেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালক ও হেলপারসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চালক ও হেলপারসহ ৩ জন‌কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকীদের আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়। 

এদিকে এই সড়ক দুর্ঘটনার ফলে রাঙামাটি সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাউখালী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রাস্তা থেকে গাড়ি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. বারেক জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বেতবুনিয়া ফাড়ি পুলিশ জব্দ করেছে। 

তিনি বলেন, "যাত্রীবাহী বাসগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটে। শুধুমাত্র চলতি মাসেই এটিসহ আমার ওয়ার্ডে তিনটি দুর্ঘটনা ঘটেছে। যেখানে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।"