রাঙামাটির ঘাগড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের নীচে চাপা পড়লো তিন অটোরিক্সা


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৭ পিএম, ২০২২-০৫-২২

রাঙামাটির ঘাগড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের নীচে চাপা পড়লো তিন অটোরিক্সা

রাঙামাটিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে বাসের যাত্রীসহ মোট ২০ জন পথচারী  আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের চালককে চট্টগ্রামে ও অন্য চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ মে) বিকেল তিনটার দিকে জেলার ঘাগড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা সার্ভিস (ঢাকা মেট্টো ১৪-৭১৭৮) গাড়িটি ঘাগড়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় কোনো প্রাণহানী না ঘটলেও বাসে ও রাস্তার পাশে থাকা প্রায় ২০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠায়।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শতকত আকবর জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

তাদের মধ্যে বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।  অপর চার জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।