আল্লামা নজরুল ইসলাম নঈমীর জানাজায় হাজারো মানুষের ঢল


মাহাদি বিন সুলতান    |    ০৬:৪২ পিএম, ২০২০-১০-১০

আল্লামা নজরুল ইসলাম নঈমীর জানাজায় হাজারো মানুষের ঢল

রাঙামাটির প্রবীণ আলেম, জেলার ঐতিহ্যবাহী ও সু-প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আলহাজ্ব হাফেজ ক্বারী আল্লামা নজরুল ইসলাম নঈমী হুজুরের নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল। 

শনিবার (১০ অক্টোবর) বাদ জোহর দুপুর ২ টায় শহীদ আব্দুশ শুক্কুর ষ্টেডিয়াম প্রাঙ্গনে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় আত্বীয়-স্বজন, সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, ছাত্র, সাধারণ মুসল্লীগণসহ প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানাতে ও দোয়া কামনায় ছুটে আসেন। 

মুসল্লিরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব নজরুল ইসলাম নঈমী হুজুর ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে রাঙামাটিবাসী এক অভিভাবককে হারালো।  
রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী জামাল হোসেন বলেন, হুজুর ছিলেন আমাদের জন্য পিতৃতুল্য। তিনি শিক্ষার্থীদের নিজের সন্তানের মত করে পাঠদান করেছেন। নঈমি হুজুর সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে আজীবন। 

উল্লেখ্য, গত ৯ অক্টোবর শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।