সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে নানিয়ারচর থানার সমাবেশ ও র‍্যালী


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০২ এএম, ২০২১-১০-২২

সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে নানিয়ারচর থানার সমাবেশ ও র‍্যালী

সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের লক্ষে সমাবেশ ও র‍্যালীর আয়োজন করেছে রাঙামাটির ২নং নানিয়ারচর ইউনিয়ন বিট পুলিশ। 

বৃহস্পতিবার বিকালে নানিয়ারচর বাজারের সিএনজি স্টেশনে ওসি মোঃ সাব্বির রহমানের নেতৃত্বে এই সম্প্রীতি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

এসআই মাহবুব এর সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পুরোহিত সুমন চক্রবর্তী, কিনাপতি বৌদ্ধ বিহারের ভান্তে বুদ্ধ আলোসহ মুসলিম, সনাতন এবং বৌদ্ধ ধর্মীয় গুরু, স্থানীয় গণ্যমান্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে ধর্মীয় গুরু ও বক্তারা বলেন, পূজা মন্ডপে যে বা যারা পবিত্র কোরআন রেখেছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারেনা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এই ঘৃণ্য কাজটি করেছেন। 

বক্তারা আরো বলেন, সকল সম্প্রদায়ের অংশগ্রহণে ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের ৫০বছর পরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে কেউ এই জঘন্য কাজ করছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মাবলম্বীরা ঐক্য থেকে এসব বিশৃঙ্খলা রোধ করতে হবে। 

এসময় বক্তারা সুষ্ঠ তদন্ত পূর্বক এহেন ঘৃণিত কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও জোর দাবি জানান। 

এর আগে নানিয়ারচর থানা থেকে একটি সম্প্রীতি র‍্যালী বের হয়ে মডেল মসজিদ ও উপজেলা প্রধান সড়ক ও নানিয়ারচর সেতু সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টেশনে এসে শেষ হয়।