মাস্ক বিতরণ ও জনসচেতনতায় নানিয়ারচরে পুলিশ সুপার


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৬ এএম, ২০২১-০৭-১০

মাস্ক বিতরণ ও জনসচেতনতায় নানিয়ারচরে পুলিশ সুপার

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন রাঙামাটি পুলিশ সুপার।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নানিয়ারচর বাজার, সিএনজি ষ্টেশন, ইসলামপুর ও বগাছড়ি এলাকায় করোনা সংক্রামন রোধে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মতবিনিময় করেন, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন।

এসময় পুলিশ সুপার এসব এলাকায় অবস্থিত ঔষধের দোকান সমূহে আগত ক্রেতাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে দিক-নির্দেশনা প্রদান করেন এবং জনসাধারণ ও মসজিদে আগত মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এর আগে পুলিশ সুপার নানিয়ারচর থানায় নির্মাণাধীন হাঁসের খামার পরিদর্শন ও থানার প্রাঙ্গনে উন্নত জাতের আম চারা রোপণ করেন। এসময় নানিয়ারচর থানার একটি চৌকশ দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। 

নানিয়ারচর পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ রাঙামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।