কাপ্তাইয়ে করোনা রোগীর ঘর লকডাউন ও লাল পতাকা টাঙিয়ে দিলেন ইউএনও


ঝুলন দত্ত    |    ০৪:৩৮ পিএম, ২০২১-০৬-২৮

কাপ্তাইয়ে করোনা রোগীর ঘর লকডাউন ও লাল পতাকা টাঙিয়ে দিলেন ইউএনও

কাপ্তাইয়ে করোনা রোগীর ঘর লকডাউন করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

সোমবার (২৮ জুন) তিনি চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকাধীন খিয়াং পাড়ায় গিয়ে করোনা আক্রান্তদের বাড়ী লকডাউন করে দেন এবং সেখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। এসময় তিনি করোনা আক্রান্তদেরকে ঘরের বাহিরে না আসার অনুরোধ জানান, সে সাথে প্রশাসনের পক্ষ হতে আক্রান্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেয়।

এ সময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবলা খিয়াং, চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মোঃ মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর ইউএনও উপজেলা সদর বড়ইছড়িতে করোনায় আক্রান্ত আরো একজনের ঘর লকডাউন করে দেন এবং লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। ইউএনও মুনতাসির জাহান সকলকে স্বাস্থ্যবিধি মানতে প্রচার প্রচারণা চালান।

এদিকে, প্রশাসনের নির্দেশে করোনা আক্রান্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার ২ জনের ঘর লকডাউন করে দেয় কাপ্তাই ইউনিয়ন পরিষদ।

সোমবার ১২টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ আক্রান্তদের বাসায় গিয়ে তাদের বাড়ীতে লাল পতাকা টাঙিয়ে দেয়।

উল্ল্যেখ, গত রোববার রাঙামাটি পিসিআর ল্যাব হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে একসাথে ৯ জনের করোনা পজেটিভ আসে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।