সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালো ভিবিডি রাঙামাটি


মাসুদ পারভেজ নির্জন    |    ০৫:৪৬ এএম, ২০২১-০৩-১৩

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালো ভিবিডি রাঙামাটি

কনকনে হাঁড় কাপানো শীতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরনের দৃঢ় প্রত্যয় নিয়ে উঠন্ত সূর্য থেকে ডুবন্ত সূর্য পর্যন্ত রাঙামাটি শহর চষে নির্বাচন পরবর্তী পোস্টার সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিক্রয়লব্ধ অর্থের মাধ্যমে ১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরন করে ভিবিডি(ভলান্টিয়ার ফর বাংলাদেশ) রাঙামাটি জেলা শাখার তরুনরা।

শুক্রবার বিকালে ভিবিডি রাঙামাটি জেলা শাখার আয়োজনে পাবলিক কলেজের হলরুমে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিবিডি রাঙামাটি ২০২০ সালের বোর্ডের সদস্যদের বোর্ড সম্পন্ন সার্টিফিকেট প্রদান এবং ২০২১ সালের বোর্ড সদস্যদের এ্যাপয়ন্টমেন্ট লেটার, আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড প্রদানের মাধ্যমে নতুন বোর্ডকে বরণ করে নেই অতিথিরা।

এসময় ভিবিডি ন্যাশনাল বোর্ডের সভাপতি সোমেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পিতা আকবর হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদনান পাশা সুজা,বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ কাজল,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূর নবী উপস্থিত ছিলেন।

এছাড়াও ভিবিডি রাঙমাটি জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম তন্ময় সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন করেন।

উল্লেখ্য,গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত  রাঙামাটি পৌর নির্বাচনের পরবর্তী সময়ে যেহেতু পোস্টারের প্রয়োজনীয়তা থাকেনা এবং পোস্টারের কারনে শহরে আবর্জনা বৃদ্ধি পায় এছাড়াও শহরের সৌন্দর্য নষ্ট হয়।

তাই রাঙামাটি পৌরসভা এবং ভিবিডি রাঙামাটির যৌথ উদ্যোগে রাঙামাটির পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন এলাকার এবং কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের কাছে থাকা অবশিষ্ট প্রায় ৪০০ কেজি পোস্টার সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত পোস্টারগুলো ভিবিডি রাঙামাটির ভলান্টিয়ারগণ কাগজের থলে বানিয়ে বিক্রি করে তহবিল সংগ্রহ  করে এবং সংগ্রহীত অর্থ হতে রাঙামাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।