বাঘাইহাটে ৫৪ বিজিবির জপুই বিওপির উদ্যোগে জনসচেতনতামূলক সভা


ওমর ফারুক সুমন    |    ০১:২২ পিএম, ২০২৬-১০-৩১

বাঘাইহাটে ৫৪ বিজিবির জপুই বিওপির উদ্যোগে জনসচেতনতামূলক সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে জনসচেতনতামূলক সভা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, পিএসসি-এর দিকনির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের অধীনস্থ জপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি কমান্ডারের নেতৃত্বে সভাটি পরিচালিত হয়।

সভায় স্থানীয় পাহাড়ি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সীমান্ত হত্যা প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ, মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।