জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা


অহিদুল ইসলাম অভি    |    ০৭:০২ পিএম, ২০২৬-১০-০৪

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের প্রধান বক্তা শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা প্রদান করেছে আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটি।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রামের ষোলশহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির বিশেষ প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক। তিনি আগামী ২৯ নভেম্বর রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।

সম্মাননা প্রদানকালে আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির প্রতিনিধি দলের সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আগামী ২৯ নভেম্বরের মাহফিলের আয়োজন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণে সম্মতি দেওয়ায় আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির পক্ষ থেকে শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের সার্বিক সফলতা ও কল্যাণের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তারা।