বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার


আলমগীর মানিক    |    ১১:১৩ পিএম, ২০২৬-০৯-২৮

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে দুটি অবৈধ ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিএনটি কলোনি মোড় সংলগ্ন মারাত্মক পাহাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টনে রাখা অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, অভিযানের সার্বিক পরিকল্পনা, তদারকি ও নেতৃত্বে ছিলেন ২৭ বিজিবির মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

এ বিষয়ে তিনি বলেন, “সীমান্ত এলাকায় অস্ত্রপাচার, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

বিজিবির দাবি, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান দমনে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।