রাজস্থলীর সাপ্তাহিক হাটে পাহাড়ি সবজির সমারোহ, পাহাড়ি-বাঙালির সম্প্রীতির মিলনমেলা


আজগর আলী খান    |    ১২:১৬ এএম, ২০২৬-১১-১২

রাজস্থলীর সাপ্তাহিক হাটে পাহাড়ি সবজির সমারোহ, পাহাড়ি-বাঙালির সম্প্রীতির মিলনমেলা

পাহাড় আর পাহাড়, বৈচিত্র্যময় সংস্কৃতি ও বিভিন্ন জনগোষ্ঠীর সহাবস্থানে সমৃদ্ধ পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলা। এ উপজেলার মানুষের জীবনযাত্রা, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি দেখা যায় সাপ্তাহিক হাটগুলোতে। পাহাড়ে উৎপাদিত হরেক রকমের শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্যের সমাহারে জমে ওঠে এসব হাট। বেচাকেনার পাশাপাশি এসব বাজার পরিণত হয়েছে পাহাড়ি-বাঙালির মিলনমেলায়।

উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে মঙ্গলবার, ইসলামপুর বাজারে শুক্রবার এবং রাজস্থলী বাজারে বুধবার সাপ্তাহিক হাট বসে। এসব হাটে পাহাড়ের প্রত্যন্ত জনপদ থেকে নিজেদের উৎপাদিত শাকসবজি, ফলমূল ও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে হাজির হন পাহাড়ি নারী-পুরুষেরা। এতে স্থানীয় কৃষকদের যেমন উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়, তেমনি স্বস্তি মেলে ক্রেতাদেরও।

ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাজারগুলো। খিয়াং, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পাশাপাশি বাঙালিদেরও নিয়মিত উপস্থিতি দেখা যায় এসব হাটে। ফলে কেনাবেচার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত পরিবেশ গড়ে ওঠে।

পাহাড়ঘেরা জান্দিমইন, মুবাছড়ি, বগাছড়ি, শিলছড়ি, আমতলী, আড়াছড়ি, ধনুছড়ি, কুইক্যাছড়ি, ঘিলামুখ, নারাইছড়ি, চুশাক পাড়া, কমলছড়ি, তুরগু পাড়া, পৌয়তু পাড়া, হলুদিয়া, মিতিঙ্গাছড়ি, দুরছড়িপাড়া, কিস্ত পাড়া, বলিপাড়া, হাজীপাড়া, তালুকদার পাড়া, নোয়াঝিড়ি পাড়া, তাইতং পাড়াসহ এমনকি বিলাইছড়ি ও জুরাছড়ি থেকেও বিক্রেতারা মোটরসাইকেল, চাঁদের গাড়ি ও টিএস ট্রাকে করে বিভিন্ন পণ্য নিয়ে এসব বাজারে আসেন।

বাজারজুড়ে চোখে পড়ে পাহাড়ে উৎপাদিত বাহারি শাকসবজি ও ফলমূলের সমাহার। তেজপাতা, আমিলা গোটা, বাঁশকোঁড়ল, শসা, মারফা, ধাইন্যা মরিচ, বিনি চাল, কাকন চাল, মহিষের দই, মধু, কলার থোড়, আলুশাক, কলমিশাক, জুমের কুমড়া, জুমের বেগুন, কলার মোচা, বিলাতি ধনেপাতা, মূলাশাক, লাউশাক, পুঁইপাতা, পুঁইডাঁটা ও পুঁইবিচি, তিতকরলা, কইন্দা, ঝিঙা, কাঁটাশাকসহ নানা পদের সবজি পাওয়া যায় এসব হাটে।

পাশাপাশি টমেটো, কাঁচা ও পাকা পেঁপে, কাঁচকলা, হলুদ, আদা, জাম্বুরা, আনারস ও পেয়ারা থাকে বিক্রির তালিকায়। এছাড়া ড্রাগন ফল, পাহাড়ি মাল্টা, আমলকী, সফেদা, জলপাই ও তেঁতুলসহ বিভিন্ন মৌসুমি ফলেরও সমারোহ দেখা যায়। পাহাড়ে কলার উৎপাদন বেশি হওয়ায় বাজারে আলাদা কলার পসরা বসে, যেখানে বাংলা কলার প্রাধান্য দেখা যায়।

এসব বাজারে বিক্রি হয় খামারে উৎপাদিত শূকরের মাংস, গরুর দুধ, বাঁশের দইসহ নানা ধরনের স্থানীয় পণ্য। বিশেষ করে গ্রাম থেকে বোতলে করে নিয়ে আসা গরুর দুধের চাহিদা রয়েছে বাঙ্গালহালিয়া বাজারে।

প্রতিটি গ্রামের মানুষ হাটের দিনে মোটরসাইকেল ও জিপগাড়িতে করে বাজারে আসেন। একটি চাঁদের গাড়িতে ৩০ থেকে ৪০ জন পর্যন্ত বিক্রেতা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে হাটে আসেন। বিক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। মৌসুম অনুযায়ী জুমে উৎপাদিত ফসল সংগ্রহ করে তারা বাজারে বিক্রি করেন। এর মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাহাড়ি নারীরা।

হাটে পণ্যের দামও ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়। জুমের লাউ আকারভেদে প্রতিটি ৫০, ৬০ ও ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় নারকল্য কচু প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা, মূলাশাক ও লালশাক প্রতি আঁটি ২০ টাকা এবং ধাইন্যা মরিচ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব হাটে পছন্দমতো পণ্য কিনতে চাইলে সকাল ৮টা থেকে ৯টার আগেই আসতে হয়। এ সময় পছন্দের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি দরদাম করেও কেনাকাটার সুযোগ থাকে।

হাটের ব্যবসায়ীরা জানান, প্রতি হাটের দিনে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া বাজারে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার পণ্য বেচাকেনা হয়। ফলে এসব বাজার শুধু স্থানীয় মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদাই পূরণ করছে না, বরং এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ভূমিকা রাখছে।

একজন সরকারি কর্মকর্তা জানান, এসব হাটে পাহাড়ে উৎপাদিত তাজা শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। পরিবারের জন্য বাজার করতে এসে তিনি এসব পণ্য কিনেছেন বলেও জানান। তাঁর মতে, স্থানীয়ভাবে উৎপাদিত তাজা সবজি কেনার সুযোগ থাকায় এসব বাজার ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়।

রাঙ্গুনিয়ার পদুয়া থেকে আসা ক্রেতা জমির উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের জন্য বেগুন, ধাইন্যা মরিচ ও মিষ্টি আলু কিনেছেন। এসব সবজি তরতাজা এবং বিষমুক্ত হওয়ায় খেতে অনেক সুস্বাদু।

জুমের টাটকা শাকসবজি ও ফলমূল কিনতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজস্থলীর বাইরের বিভিন্ন এলাকা থেকেও পাইকাররা এসব বাজারে আসেন। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শিলক, সরফভাটা, গোচরা ও রোয়াজার হাট থেকেও পাইকারদের আগমন ঘটে। ক্রেতাদের মতে, হাটের দিনে তুলনামূলক কম দামে তাজা পণ্য কেনার সুযোগ পাওয়া যায়। নিজস্ব উৎপাদিত পণ্য এবং রাসায়নিক ব্যবহার না করার বিষয়টিও এসব পণ্যের প্রতি ক্রেতাদের বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

বহু বছর ধরে বাঙ্গালহালিয়া সড়কের পাশে বসে আসা পাহাড়ি এ হাট শুধু কেনাবেচার জায়গা নয়; এটি পাহাড়ের কৃষি, নারীর শ্রম, স্থানীয় অর্থনীতি এবং বিভিন্ন জনগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি।

এ বিষয়ে রাজস্থলী বাজার চৌধুরী শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাজারের উন্নয়নেও তিনি ভূমিকা রাখেন। বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে থাকে।