মেহেদী হাসান | ০১:২৬ এএম, ২০২৬-১১-১২
রাঙামাটির লংগদু উপজেলায় হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের জননীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বামী নবী হোসেন।
বুধবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় বাবার বাড়িতে বিষপান করেন হনুফা। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিস-বৈঠকও হয়েছে। সালিসে সমঝোতার অংশ হিসেবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে জানা গেছে। ঘটনার আগের দিন হনুফা বাবার বাড়িতে এসে ওই জমির দলিল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর পরদিনই বিষপানের ঘটনা ঘটে।
নিহতের মা অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে স্বামী বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। কিছুদিন আগে জোরপূর্বক রক্ত দিয়ে মেয়ের গোপনাঙ্গে আঘাত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে একাধিকবার বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন নিহতের মা। স্বামীর নির্যাতনের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বামী নবী হোসেন বলেন, জমির দলিলে স্বাক্ষর করার জন্য স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়েছিলেন। সেখানে তাঁর মা ও ভাইয়েরা দলিলে স্বাক্ষর না করে উল্টো তাঁকে নির্যাতন করেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বিষপান করেন। তাঁর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, হনুফাকে হাসপাতালে আনার পর প্রায় ১০ মিনিট তাঁর শ্বাস-প্রশ্বাস চলছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে। বুধবার বাবার বাড়িতে থাকা অবস্থায় ওই নারী বিষপান করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গারà§...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলায় হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের জননীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘিরে রহস্যের ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন, ভুল নম্বরে পাঠানো বিকাশের ৪৩ হাজার ৭০০ টাকা ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আলোচিত গঙ্গারাম বাজারে বস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited