রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙল ছাত্রদল


আলমগীর মানিক    |    ১২:২৫ পিএম, ২০২৬-১১-১০

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙল ছাত্রদল

আলমগীর মানিক

রাতের আঁধারে রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে এসব প্রতিষ্ঠানের ফটকে তালা দেখতে পান সংশ্লিষ্টরা। এ ঘটনার দায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার বিরুদ্ধে। অন্যদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর শহরে মহড়া শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা।

জানা গেছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নের কথা ওই পোস্টে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সকালে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে ফটকে তালা ঝুলতে দেখা যায়। প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা এসে তাঁদের প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে দিয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

জেলা জজ আদালতের ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কর্মচারীরা ফটকের তালা খুলে দেন বলে সংশ্লিষ্ট কর্মচারী জানিয়েছেন।

এদিকে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরে সক্রিয় হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা ওমর মুরশেদের নেতৃত্বে তাঁরা শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা। শহরের বিভিন্ন স্থানে ঘুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এমন কর্মকাণ্ড প্রতিহতের অবস্থান জানান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মহড়া থেকে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, কোথাও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালিত হলে স্থানীয়রা যেন তাঁদের বিষয়টি অবহিত করেন। এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও তাঁরা ঘোষণা দেন।

এ ঘটনায় রাঙামাটি শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ধরনের প্রচারণা শুরু হয়। পুলিশ সংশ্লিষ্ট একাধিক সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে।