পাহাড়ের দুর্গম ক্যাম্পে সেনাপ্রধান, সেনাসদস্যদের সঙ্গে করলেন মতবিনিময়


আলমগীর মানিক    |    ১১:১১ পিএম, ২০২৬-১০-০১

পাহাড়ের দুর্গম ক্যাম্পে সেনাপ্রধান, সেনাসদস্যদের সঙ্গে করলেন মতবিনিময়

আলমগীর মানিক
 

দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে রাঙামাটি সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি দুর্গম এলাকায় দায়িত্ব পালনের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

সফরকালে সেনাপ্রধান ক্যাম্পে অবস্থানরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে ভবিষ্যতেও দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নে গমন করেন। এরই ধারাবাহিকতায় তিনি বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্পগুলো পরিদর্শন করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাবাহিনীর সামরিক সচিব; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির দুর্গম বিলাইছড়ি ও কাপ্তাই অঞ্চলে সেনাবাহিনীর দায়িত্ব পালন এবং নিরাপত্তা কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে দেখার পাশাপাশি সেনাসদস্যদের সঙ্গে সেনাপ্রধানের এ মতবিনিময় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।