আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ


আলমগীর মানিক    |    ০১:৫৫ পিএম, ২০২৬-১০-০১

আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ

আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতন করতে রাঙামাটির আদালত চত্বরে বিক্ষোভ র‍্যালি করেছেন আইনজীবীরা। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার সময় রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহআলম মিয়া টাউট নির্মুল কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাকসুদা ও আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদের নেতৃত্বে এ বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি রাঙামাটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গাউছিয়া মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে আদালতকেন্দ্রিক প্রতারণা সম্পর্কে সচেতন করেন আইনজীবীরা।

র‍্যালিতে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিশু মনি চাকমা, সহসভাপতি অ্যাডভোকেট মাকসুদা হক, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আইটি সম্পাদক অ্যাডভোকেট গফুর বাদশা, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, অ্যাডভোকেট রহমত উল্লাহ, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট দীপন চাকমাসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিশু মনি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে আদালতকেন্দ্রিক বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন প্রকৃত বিচারপ্রার্থী ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ মানুষ। আদালত প্রাঙ্গণে কতিপয় ব্যক্তি আসামিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মামলা নিষ্পত্তি, জামিন করিয়ে দেওয়া কিংবা মামলায় বিভিন্ন সুবিধা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিচারপ্রার্থী ও সাধারণ জনগণকে কোনো ক্লার্ক বা সাধারণ ব্যক্তির সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করে তিনি বলেন, মামলা সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

অ্যাডভোকেট শিশু মনি চাকমা আরও বলেন, আদালত প্রাঙ্গণে কেউ নিজের মামলা ছাড়া অন্যের মামলা নিয়ে সুপারিশ, তদবির কিংবা আইনগত পরামর্শ দেওয়ার নামে অর্থ গ্রহণ বা কোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবীরা বলেন, আজকের র‍্যালির মাধ্যমে আদালত প্রাঙ্গণে টাউট, বাটপার ও দালালদের তৎপরতা সম্পর্কে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।