‎হাসপাতালের প্রবেশমুখ দখল করে পার্কিং, অভিযানে জরিমানা-জব্দ


সোহেল রানা    |    ০৭:৪৬ পিএম, ২০২৬-১০-০৭

‎হাসপাতালের প্রবেশমুখ দখল করে পার্কিং, অভিযানে জরিমানা-জব্দ

রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ স্থানে পার্কিং করা কয়েকটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কিছু মোটরসাইকেল জরিমানা ও জব্দ করা হয়েছে।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল ভবনের প্রবেশমুখে যানবাহন পার্কিং না করার জন্য দীর্ঘদিন ধরে রোগী, স্বজন ও দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে সেখানে ‘গাড়ি পার্কিং নিষেধ’ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। হাসপাতাল চত্বরে মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত স্থান থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি নিয়ম না মেনে ভবনের প্রবেশমুখে যানবাহন রাখছেন।

‎এতে গুরুতর অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চলাচল, জরুরি রোগীর দ্রুত হাসপাতালে প্রবেশ ও বের হওয়া এবং অন্যান্য জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় প্রবেশপথে যানবাহন আটকে থাকায় যেকোনো জরুরি মুহূর্তে বড় ধরনের ভোগান্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, নিষিদ্ধ স্থানে পার্কিং বন্ধ করতে গিয়ে দায়িত্ব পালনরত কর্মচারীদেরও অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ কারণে রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবার আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিশেষ উদ্যোগে জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে হাসপাতালের প্রবেশমুখে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

‎হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ অভিযান কোনো ব্যক্তি বা যানবাহন মালিককে হয়রানি করার উদ্দেশ্যে নয়। রোগীর চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা এবং জরুরি চলাচলের পথ সচল রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎কর্তৃপক্ষ রোগী, স্বজন, দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের হাসপাতালের নির্ধারিত স্থানে যানবাহন রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্রবেশমুখ, জরুরি চলাচলের পথ ও নিষিদ্ধ এলাকায় কোনো ধরনের যানবাহন পার্কিং না করার জন্য সতর্ক করা হয়েছে।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে হাসপাতালের প্রবেশমুখে অবৈধ পার্কিং বন্ধে প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।