নানিয়ারচরে কৃষক কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও সার-বীজ বিতরণ


মাহাদি বিন সুলতান    |    ০৬:৩০ পিএম, ২০২৫-১১-১১

নানিয়ারচরে কৃষক কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও সার-বীজ বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে কৃষক কৃষাণীদের মাঝে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ ও সার-বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা সদরের জেলা পরিষদ রেস্টহাউস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আজিজুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার মল্লিক,সহ বিভিন্ন কর্মকর্তা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

প্রশিক্ষণে বসতবাড়িতে সবজি ও মশলা উৎপাদন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সবজি চাষের গুরুত্ব, রবি মৌসুমে প্রধান শাকসবজি উৎপাদন কৌশল, শাকসবজির রোগবালাই ব্যবস্থাপনা, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে সার, বিভিন্ন জাতের সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে অনাবাদি ও পতিত জমিকে চাষযোগ্য করে তোলা এবং পারিবারিক পর্যায়ে নিরাপদ সবজি উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য।

এতে একদিকে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত সবজি বিক্রি করে কৃষকের আর্থিক উন্নয়নও সম্ভব হবে।