রাজস্থলীতে অনুমোদনবিহীন স্পিরিটে দুই দোকানিকে জরিমানা ও কারাদণ্ড


আইয়ুব চৌধুরী    |    ০১:১৩ এএম, ২০২৫-১০-২১

রাজস্থলীতে অনুমোদনবিহীন স্পিরিটে দুই দোকানিকে জরিমানা ও কারাদণ্ড

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় অনুমোদনবিহীন বার্নিশের কাজে ব্যবহৃত স্পিরিট রাখার অভিযোগে দুই দোকানিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলা সদরের বিসমিল্লাহ হার্ডওয়ারবণিক এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অনুমোদনবিহীন বার্নিশের স্পিরিট রাখার প্রমাণ পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)৩২(ক) ধারার আওতায় দোকানদারদের দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক আব্দুল হামিদ (৪৫) এবং বণিক এন্টারপ্রাইজের মালিক জিকো তনচংগা (২১)

তাদের প্রত্যেককে নগদ ৫,০০০ টাকা জরিমানাএকদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দণ্ডপ্রাপ্তদের রাঙামাটির উদ্দেশ্যে নিয়ে যান।

অভিযানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।