কাপ্তাই হ্রদে বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৪


অহিদুল ইসলাম অভি    |    ০৩:৪২ পিএম, ২০২৫-১০-১০

কাপ্তাই হ্রদে বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৪

রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন জেলে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে, বরকল উপজেলার ২ নম্বর ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায়

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. সুমনের বাড়ি সিলেট জেলায়। আহতরা হলেন—

  • মো. আয়াতুল (৩০), কুমিল্লা সদর উপজেলা

  • মো. মামুন (২৭), খুলনার দিঘুলিয়া থানা

  • মো. সুমন (৩৭), নোয়াখালী

  • মো. রাজু (৪০), রাজশাহী

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে মো. মোতালেব সওদাগরের নৌকায় করে ছয়জন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে, বজ্রাঘাতে ঘটনাস্থলেই সিলেটের মো. সুমনের মৃত্যু হয় এবং অন্য চারজন আহত হন।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছি।”