রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৯ পিএম, ২০২৩-০৭-০৬

রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান

পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবানসহ দেশের ১০ জেলায় জেলা প্রশাসক পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙামাটির জেলার প্রশাসক হিসেবে এবং রাঙামাটির বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকা জেলায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আসাদুজ্জামানকে পাবনা, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থবিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী ও বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। 

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, আগামী সপ্তাহে বদলীকৃত নতুন নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন জেলা প্রশাসকদ্বয়।