রাঙ্গামাটিতে ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১৬ পিএম, ২০২৩-০৬-১৮

রাঙ্গামাটিতে ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

পাহাড়ের শিশুদের রক্ষাসহ অত্রাঞ্চলে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।   রবিবার (১৮ জুন) সকাল ৯টায় শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবায়তুন্নাহার জেবু প্রমুখ। এবার সর্বমোট ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা।


জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, জেলার ৬-১১মাস বয়সী ৯ হাজার ৩৫৫জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭১হাজার ৮৩৯জন শিশুকের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১০টি উপজেলা এবং একটি পৌরসভা মিলে এক হাজার ২৭২টি কেন্দ্র  থেকে এ টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের দুই হাজার ৫৪৪জন কর্মী টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করছেন।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, রাঙ্গামাটির অনেক এলাকা দুর্গম রয়েছে, সেখানে একদিনে ভিটামিন খাওয়ানো সম্ভব নয়, তাই যথা সময়ে দুর্গম এলাকাগুলোর শিশুদেরকেও সুবিধামতো সময়ে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।