দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনীর উদ্যোগ, প্রশিক্ষণ পেলেন ৬৭ জন


জুরাছড়ি প্রতিনিধি    |    ১২:৪৮ এএম, ২০২৬-১১-১৩

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনীর উদ্যোগ, প্রশিক্ষণ পেলেন ৬৭ জন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটির জুরাছড়িতে ১২ দিনব্যাপী মিডওয়াইফারি (ধাত্রীবিদ্যা) ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের আয়োজনে গত ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৭ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৩৪ জন পাহাড়ি ও ৩৩ জন বাঙালি প্রশিক্ষণার্থী ছিলেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দুর্গম এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের যত্ন, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি এবং জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা।

জুরাছড়ি জোনের জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ৬৭ জনের হাতে সনদপত্র তুলে দেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার আলম, পিএসসি। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমিত যোগাযোগব্যবস্থার কারণে জুরাছড়ির প্রত্যন্ত এলাকার নারী ও শিশুরা অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় স্থানীয় জনগোষ্ঠীকে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষিত করার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ পরিবার ও সমাজে প্রয়োগের মাধ্যমে তাঁরা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যাওয়ার বিষয়েও সচেতনতা তৈরি হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জুরাছড়িতে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।