জাম্বুরা পরিবহনে ১৮ ফুট উচ্চতা সীমা, ট্রাক টার্মিনাল বয়কটের হুঁশিয়ারি


মেহেদী হাসান    |    ০৮:৪২ পিএম, ২০২৬-১০-০৮

জাম্বুরা পরিবহনে ১৮ ফুট উচ্চতা সীমা, ট্রাক টার্মিনাল বয়কটের হুঁশিয়ারি

ট্রাকে মৌসুমী ফল জাম্বুরা পরিবহনে সর্বোচ্চ ১৮ ফুট উচ্চতার সীমা নির্ধারণকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে ব্যবসায়ী ও ট্রাক মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধান না হলে রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন মৌসুমী ফল ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ‘রাঙ্গামাটি মৌসুমী পণ্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর নেতারা।

 

সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক মো. সেলিম উদ্দিন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বড় ট্রাকে ২০ থেকে ২৫ ফুট এবং ছোট ট্রাকে প্রায় ১৮ ফুট পর্যন্ত উচ্চতায় জাম্বুরাসহ বিভিন্ন মৌসুমী ফল পরিবহন করা হচ্ছে। তবে সম্প্রতি ট্রাক-মিনিট্রাক-পিকআপ-মালিক শ্রমিক যৌথ কমিটির পক্ষ থেকে ১৮ ফুটের বেশি উচ্চতায় পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত উচ্চতার বেশি পণ্য পরিবহন করলে গাড়িপ্রতি ২ হাজার টাকা জরিমানা আদায়ের কথাও জানানো হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

 

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম পরিবর্তন করে হঠাৎ করে উচ্চতা সীমা নির্ধারণ করায় তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। তাদের দাবি, একটি ট্রাকে যে পরিমাণ জাম্বুরা আগে পরিবহন করা হতো, বর্তমানে তা কমিয়ে দিতে বলা হচ্ছে। এতে পরিবহন খরচের তুলনায় পণ্য পরিবহনের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

 

ব্যবসায়ী নেতারা আরও অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে বিভিন্ন সময়ে ট্রাক ভাড়া বাড়ানো হলেও এখন পণ্য লোডিংয়ের সময় নতুন করে নানা ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে। অতিরিক্ত পণ্য পরিবহনের ক্ষেত্রে টাকা দাবি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

 

তারা বলেন, রাঙ্গামাটি থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জাম্বুরা পরিবহনে এমনিতেই ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। স্থানীয় বাজার থেকে বেশি দামে পণ্য কেনার পর অনেক সময় গন্তব্যের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়। এর মধ্যে পরিবহনের পরিমাণ কমে গেলে লোকসানের পরিমাণ আরও বাড়বে।

 

সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক মো. সেলিম উদ্দিন ছাড়াও সদস্য মো. সোহেল, মো. মামুন, সাবেক সহ-সভাপতি মো. রফিক সওদাগর এবং উপদেষ্টা নাছির, শামীম ও রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ব্যবসায়ী নেতারা বলেন, বিরোধের দ্রুত সমাধান না হলে তারা রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল থেকে ট্রাক ভাড়া নেওয়া বন্ধ করে দেবেন। প্রয়োজনে দেশের অন্যান্য অঞ্চল থেকে ট্রাক এনে মৌসুমী ফল পরিবহন করা হবে।

 

এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে বিষয়টি দ্রুত সমাধানে জেলা প্রশাসনের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তাদের আশঙ্কা, বিরোধের সমাধান না হলে মৌসুমী ফল পরিবহনে বিঘ্ন ঘটার পাশাপাশি রাঙ্গামাটির বিভিন্ন বাজারে সরবরাহ সংকট ও কৃত্রিম মূল্যবৃদ্ধির পরিস্থিতি তৈরি হতে পারে।