চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনাবাহিনীর সংবর্ধনা


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৭:৪৩ পিএম, ২০২৬-০৯-২২

চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন (২৯ বীর)।

বিলাইছড়ি উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি, অধিনায়ক ২৯ বীর-এর নেতৃত্ব ও নির্দেশনায় বিলাইছড়ি জোন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ‘রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে’ অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জনকারী বিলাইছড়ি উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোন কমান্ডারসহ উপস্থিত অতিথিরা।

এ সময় বিজয়ী দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে বিলাইছড়ি জোনের পক্ষ থেকে ২০ জন কৃতি খেলোয়াড়ের মাঝে মোট ৩০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিলাইছড়ির তরুণ খেলোয়াড়দের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

পাহাড়ি অঞ্চলের উদীয়মান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের এমন উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসিত হয়েছে।