মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২


অহিদুল ইসলাম অভি    |    ০৪:১৬ পিএম, ২০২৬-০৯-২২

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২

রাঙামাটির লংগদুতে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং একই মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাঙামাটির লংগদু উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) এবং ওই মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে একদিন বাড়িতে মেয়েটিকে একা পেয়ে সৎ বাবা ফজলুল হক চৌধুরী তাকে জড়িয়ে ধরে ধস্তাধস্তির একপর্যায়ে ধর্ষণ করেন। এরপরও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ফজলুল হক চৌধুরী মৃত এরফান উদ্দীন চৌধুরীর ছেলে।

এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর পার্শ্ববর্তী যুবক শহিদুল, পিতা জামাল উদ্দীন, ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হক চৌধুরী ও শহিদুলকে গ্রেপ্তার করে।

লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, ভুক্তভোগীর ওপর গত এক সপ্তাহ ধরে নির্যাতনের ঘটনা ঘটে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।