‎উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রাবিপ্রবিতে Australia Awards Scholarship-এর তথ্যসেশন


অহিদুল ইসলাম অভি    |    ০৫:০৮ পিএম, ২০২৬-০৯-২১

‎উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রাবিপ্রবিতে Australia Awards Scholarship-এর তথ্যসেশন

‎রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে একটি তথ্যবিনিময় সেশন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে আয়োজিত এ সেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Australia Awards Bangladesh-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান।

‎সেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঋষিতা চাকমা এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক ইসরাত জাহান সোনম।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের Australia Awards অ্যালামনাইদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি শিক্ষার্থী এ বৃত্তি অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী Australia Awards Bangladesh-এর উদ্যোগে তথ্যবিনিময় সেশন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সেশন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে এবং কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করবে। ২০২৮ সালের Australia Awards Scholarship-এ রাবিপ্রবি থেকে একাধিক ব্যক্তি যোগ্যতা অর্জন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।

‎সেশনে Australia Awards Scholarship-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম। তিনি বৃত্তির সুযোগ-সুবিধা, ২০২৮ সালের জন্য আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বলে তিনি জানান। পাশাপাশি অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তিনি।

‎প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান Australia Awards Scholarship-এর প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন। এ বৃত্তি অর্জনের ক্ষেত্রে কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য দেন তিনি। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎সমাপনী বক্তব্যে সেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, এ তথ্যবিনিময় সেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপকারে আসবে এবং ভবিষ্যতে Australia Awards Scholarship অর্জনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রাখবে।

‎সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।