কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭


আলমগীর মানিক    |    ০৫:৪২ পিএম, ২০২৬-০৯-২০

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভিযোগে একজন এবং মাদক সেবনের অভিযোগে তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে দুই নারীর কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্যমতে, দাঙ্গা সংগঠনের অভিযোগে সাইফুল আলম বাচা (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাঙামাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার বাসিন্দা।

এ ছাড়া সাপছড়ি ইউনিয়নের রাস্তা পাড়া এলাকার রত্না চাকমা (৪৬) ও অঞ্জলী চাকমা (৩৩) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাদের হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

মাদক কারবারের অভিযোগে মো. নয়ন মিয়া (৪৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাঙামাটি শহরের মসজিদ কলোনী উন্নয়ন বোর্ড, প্রয়াত শান্তিময় দেওয়ান সড়ক এলাকার বাসিন্দা।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে নয়ম মার্মা (২১), মিশু খিয়াং (২৯) ও সবুজ মিয়া (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নয়ম মার্মা রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা। মিশু খিয়াং বান্দরবান সদর উপজেলার বালাকাটা বাজার এলাকার এবং সবুজ মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা। সবুজ মিয়া বর্তমানে রাঙামাটির রিজার্ভ বাজারের ২ নম্বর পাথরঘাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৫ ও ৬ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।