ফারুয়ায় ৬০০ নারীকে ভিডব্লিউবি’র চাল বিতরণ


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৮:৩২ পিএম, ২০২৬-০২-০২

ফারুয়ায় ৬০০ নারীকে ভিডব্লিউবি’র চাল বিতরণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ৬০০ জন উপকারভোগী নারীর মাঝে এই চাল বিতরণ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে জনপ্রতি ৩০ কেজি করে চাল তুলে দেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

চাল বিতরণকালে চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন,
“সরকার প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে পাহাড়ের দুর্গম এলাকার নারীরা যেন পুষ্টি ও খাদ্য সংকটে না ভোগেন, সে লক্ষ্যে ভিডব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা এবং সংরক্ষিত নারী আসনের সদস্য মনিলতা তঞ্চঙ্গ্যা, সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা ও চোখপুরী তঞ্চঙ্গ্যা।

এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা ও মালসম পাংখোয়া উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়। চাল পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।