শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান


মেহেদী হাসান    |    ০৯:৪৬ পিএম, ২০২৬-০১-২৩

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙামাটিতে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব–২০২৬ ইং উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে মহানামযজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী দুর্গামাতৃ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দয়াল দাশ। তিনি বক্তব্যে বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান মানুষের মধ্যে নৈতিকতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মন্দিরের সার্বিক খোঁজখবর ও সহযোগিতা করা হচ্ছে।

মন্দিরের দ্বিতীয় তলা ভবন নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাঙামাটিকে একটি সম্প্রীতিপূর্ণ ও পর্যটক বান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে এবং পার্বত্য জেলায় বসবাসরত ১৩টি জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি কাঠালতলী সর্বজনীন শ্রীশ্রী দুর্গামাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু অজিত দাশ।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বাবু অশোক ধর, পুরোহিত বাবু শংকর চক্রবর্তী, দুর্গা উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও অগ্রবীণা সংঘের সহ-সভাপতি পুলক শীল, মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যেখানে বিভিন্ন ধরনের গান ও নৃত্য পরিবেশন করা হয়।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।