রাঙামাটিতে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২১ পিএম, ২০২৬-০১-১৯

রাঙামাটিতে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর খাগড়াছড়ি উপকেন্দ্রের উদ্যোগে কৃষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“বিনা উদ্ভাবিত লেবুর জাতসমূহের পরিচিতি, চাষাবাদ ও বংশবিস্তার কলাকৌশল” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালাটি সোমবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উন্নত জাতের লেবু চাষ, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন এবং আধুনিক বংশবিস্তার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার বিকেলের সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা, ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার।

এছাড়া খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রিগ্যান গুপ্তসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত লেবুর উন্নত জাতসমূহ পাহাড়ি অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী।

এসব জাত চাষের মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক লাভবান হতে পারবেন এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব প্রয়োগে কৃষকদের আয় ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।