কাপ্তাইয়ে ভোট নিয়ে মা ও অভিভাবকদের সচেতনতা সভা


কাপ্তাই প্রতিনিধি    |    ০৮:০২ পিএম, ২০২৬-০১-১২

কাপ্তাইয়ে ভোট নিয়ে মা ও অভিভাবকদের সচেতনতা সভা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের সঞ্চালনা করেন শিক্ষক মো. ইসমাইল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। তিনি বলেন, “ভোটদান একটি সাংবিধানিক ও নাগরিক অধিকার।

প্রত্যেক ভোটারের উচিত নির্ভয়ে, নির্বিঘ্নে এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করা। এবার আমরা সবাই একযোগে ভোট কেন্দ্রে আসব।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন।