আনন্দঘন আয়োজনে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ৫০ বছর পূর্তি


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১১:০৬ পিএম, ২০২৬-০১-০৮

আনন্দঘন আয়োজনে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ৫০ বছর পূর্তি

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) এবং বিহারের অধ্যক্ষ ভদন্ত শাক্যপ্রিয় ভিক্ষুর ‘স্থবির বরণ’ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিহার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বশান্তি ও মানবজাতির মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং কেক কাটার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ সূচনা করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান এবং সন্ধ্যায় ফানুস ও আকাশ প্রদীপ উৎসর্গ।

এতে দূর-দূরান্ত থেকে আগত শত শত দায়ক-দায়িকা ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এলাকার বিশিষ্ট চারজনকে মরণোত্তর সম্মাননা এবং ছয়জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাশাপাশি নব-স্থবির ভদন্ত শাক্যপ্রিয় ভান্তেকে বিহার পরিচালনা কমিটি ও বিভিন্ন বিহারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি শাখার সভাপতি ভদন্ত আর্য্যলঙ্কার মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্মদেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার সভাপতি ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথের।

প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত বিপুল জ্যোতি মহাথের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুপম চাকমা।

বিকেলে রাঙামাটির জনপ্রিয় শিল্পী রুবেল চাকমা ধর্মীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একক ধর্মদেশনা প্রদান করেন বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞ্ঞাদীপা মহাথের।

বক্তারা ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরে সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।